চার খুনে ডিএনএ পরীক্ষায় ধরা মুগ্ধ-সিদ্ধার্থ, ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট
ঘটনাস্থলের খেজুরের বিচি, শসা ও গামছায় মিলেছে দুই আসামির ডিএনএ; ৫০ জনের সাক্ষ্য নিয়ে অভিযোগপত্র দিচ্ছে ডিবি
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষায় গ্রেপ্তার দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দীর্ঘ তদন্ত শেষে আগামী ৩০ নভেম্বরের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলার তদারকি কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এ তথ্য জানান।
তিনি বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে সন্দেহাতীতভাবে স্পষ্ট হয়েছে। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ পর্যন্ত অন্তত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। দুই আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন।
সনাতন চক্রবর্তী জানান, ডিবি পুলিশের হাতে তদন্তের দায়িত্ব আসার প্রায় তিন মাসের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল করা হচ্ছে। আদালতে জমা দেওয়ার আগে তদন্তের বিভিন্ন দিক পর্যালোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি রয়েছে।
খেজুরের বিচি, শসা ও গামছায় ডিএনএ
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিন্নাত আলী জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় কয়েকটি নমুনায় দুই আসামির ডিএনএ শনাক্ত হয়েছে।
তদন্ত কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে পাওয়া খেজুরের বিচিতে মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়া গেছে। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনায় শুধু মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে।
গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুই দফায় ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার জন্য সেগুলো ঢাকার সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। নমুনার মধ্যে ছিল খেজুরের বিচি, শসার অংশবিশেষ, ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, বেসিনের দাগ এবং দুই আসামির রক্তের নমুনা।
জিন্নাত আলী বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার করা আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধর্ষণের আলামত মেলেনি
চার হত্যাকাণ্ডের পর নিহত গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিশ্চিত হতে মা ও মেয়ের ভ্যাজাইনাল সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
তবে পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
৫০-৬০ লাখ টাকা চুরির উদ্দেশ্যে হত্যার অভিযোগ
তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তী অবসরের পর পাওয়া ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন বলে জানতে পেরেছিলেন আসামিরা। বাড়িতে স্বর্ণালংকার রয়েছে বলেও তাদের ধারণা ছিল।
এসব অর্থ ও স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে পাশের বাড়ির ছাদ দিয়ে গণপতিদের বাড়িতে প্রবেশ করেন তারা। এরপর পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।
তালাবদ্ধ বাড়িতে মিলেছিল চারজনের মরদেহ
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে—একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় একই এলাকার প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন দুই আসামি।
এ ছাড়া আসামিদের বন্ধু সীমান্ত দাস, দখিগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ মোহন্ত এবং মাদক সরবরাহকারী শান্ত দাস ওরফে পুঁটি শান্ত আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
তবে শুরু থেকেই দুই আসামির পক্ষে একাই চারজনকে হত্যা করার বিষয়টি অবিশ্বাস্য বলে দাবি করে আসছিলেন নিহতদের স্বজন ও স্থানীয়রা। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচি পালন করেন তাঁরা। মানবাধিকার সংগঠনগুলোও এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানায়।
এদিকে হত্যাকাণ্ডের নয় দিন পর দুই আসামির ডোপ টেস্ট করা হয়েছিল। তবে পরীক্ষায় তাঁদের শরীরে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়নি।
সব মিলিয়ে ডিএনএ প্রতিবেদন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করছে ডিবি। আগামী ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিল হলে আলোচিত এ মামলার তদন্তের একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হবে।
