হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডে পুড়ল গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি
ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে থানার ভেতরে অবস্থিত সেরেস্তা কক্ষে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি কোনো নাশকতা, তা খতিয়ে দেখতে জেলা পুলিশ ও ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা ক্ষতিগ্রস্ত সেরেস্তা কক্ষ ঘুরে দেখেন এবং সার্বিক ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম জানান, অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকেও পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, ফায়ার সার্ভিস ও পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, শনিবার রাতে প্রতিকূল আবহাওয়ার কারণে এলাকায় ঘনঘন বিদ্যুৎ আসা-যাওয়া করছিল। এর ফলে সৃষ্ট বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, খবর পেয়ে সিআইডির একটি দলসহ তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিআইডি সদস্যরা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কথা বললেও ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা শতভাগ নিশ্চিত হতে রেঞ্জ পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পেলে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
