আওয়ামী লীগ নিঃশেষ হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মন্তব্য করেছেন, আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে এখন একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ নগরকান্দা উপজেলা যুবদল এ সভার আয়োজন করে।
বক্তব্যে শামা ওবায়েদ অভিযোগ করেন, বহু মানুষকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে অবস্থান করছেন। বর্তমানে দেশ যখন স্বাভাবিক ও স্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে, তখন সেটি তাদের সহ্য হচ্ছে না। তাই বিদেশে বসে নানা ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যে এ দেশের এবং দেশের অর্থনীতির চরম শত্রু, তা তাদের বিগত ও বর্তমান কর্মকাণ্ডের মধ্য দিয়েই স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।
এ সময় পাঁচ জেলার দলীয় নেতাকর্মী, সাধারণ জনগণ ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রকামী মানুষকে গ্রামে গ্রামে ও ইউনিয়নে ইউনিয়নে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর সব ধরনের সন্ত্রাস ও নাশকতা দমনের দায়িত্ব সবাইকে মিলেই নিতে হবে।
নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ঈসা, জুলফিকার হোসেন জুয়েলসহ নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
