মেহেরপুরে প্রেমিকাকে হুমকি দেওয়া চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলায় প্রেমিকাকে উদ্দেশ্য করে লেখা হুমকির চিরকুটসহ একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার নবীনপুর গ্রাম থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নবীনপুর গ্রামের খেলার মাঠের পাশে একটি নির্মাণাধীন ভবনের পিলারের ওপর কালো কসটেপে মোড়ানো অবস্থায় বস্তুটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা গাংনী থানা-পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বস্তুটির গায়ে সাঁটানো একটি চিরকুটে লেখা ছিল, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যুবক তার প্রেমিকাকে ভয় দেখাতে বা হুমকি দিতে চিরকুট লিখে বোমাসদৃশ বস্তুটির গায়ে লাগিয়ে রেখে গেছে। তবে প্রেমিকাকে উদ্দেশ্য করে এ ধরনের চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা এই থানায় এবারই প্রথম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
