সিলেট-সুনামগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ছবি সংগৃহীত
সিলেট ও সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাতে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় শামস তাহির (২২) এবং সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতকে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান (৩৯) নিহত হন। নিহতদের মধ্যে একজন ডিপ্লোমা প্রকৌশলী। পৃথক এসব দুর্ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে জৈন্তাপুর উপজেলার সারীঘাট শাপলা ফিলিং স্টেশনের প্রায় ৩০০ গজ উত্তরে ট্রাকের ধাক্কায় শামস তাহির নিহত হন। তিনি উপজেলার নিজপাট ইউনিয়নের বারগাতি এলাকার বাসিন্দা।
জানা যায়, শামস তাহির জৈন্তাপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে দরবস্ত বাজারের দিকে যাচ্ছিলেন। পথে জাফলংগামী একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত ও উদ্ধারে অভিযান শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং ট্রাকের গায়ে রক্তের চিহ্ন দেখে গাড়িটি শনাক্ত করা হয়। প্রায় পাঁচ ঘণ্টার অভিযানের পর শনিবার ভোর ৫টা ৫৫ মিনিটে জৈন্তাপুরের চাঙ্গিল বাজার এলাকার একটি গলি থেকে ঢাকা মেট্রো-ট-২২-১৪৪০ নম্বরের ট্রাকটি উদ্ধার করে পুলিশ। পরে ট্রাকটি তামাবিল হাইওয়ে থানায় নেওয়া হয়। ট্রাক উদ্ধারের পর স্থানীয় লোকজন অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে, শুক্রবার রাত ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতক উপজেলার চৌকা এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান (৩৯) নিহত হন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ডিপ্লোমা প্রকৌশলী। তিনি গোবিন্দগঞ্জ এলাকার আলী ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন।
নিহতের মামা মেজর ওবায়দুল হক মিলন জানান, শুক্রবার রাতে কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপি গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন লুৎফুর রহমান। পথে চৌকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করেছে পুলিশ। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত লুৎফুর রহমান স্ত্রী ও এক বছর বয়সী যমজ দুই ছেলে রেখে গেছেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
