আইন নিজের হাতে তুলে নেবেন না: পরিবেশমন্ত্রী
ছবি : সংগৃহীত
দলীয় নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। আগুনসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ধরে পুলিশের হাতে তুলে দিতে বলেছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) বিকালে ফেনীর সোনাগাজী পৌর শহরে বিক্ষোভ মিছিলের আগে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন এই আয়োজন করে।
বক্তব্যে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আব্দুল আউয়াল মিন্টু। বলেন, গুপ্ত হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘লগি-বৈঠার তাণ্ডব, গুপ্ত হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে রাষ্ট্রীয় আইন মেনে চলতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।’
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘আমি আমাদের নেতাকর্মীদের বলব, আইন নিজের হাতে তুলে নেবেন না। যারা আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করবে, তাদের ধরে আইনের হাতে তুলে দিন। প্রশাসনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু। সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা আলমগীর হোসেন, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, জেলা যুবদলের সদস্য সচিব নাঈমুল্লাহ চৌধুরী বরাত ও উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা।
এ সময় ফেনী জেলা বিএনপির সদস্য সৈয়দ রেজাউল হক শিমুল, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা নুরুল আফসার তৌহিদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার আগে পরিবেশমন্ত্রী উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সচেতন থেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। পরে তার উপস্থিতিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয়।
