মেয়াদোত্তীর্ণ রাসায়নিকে প্রসাধনী উৎপাদন, বায়োজিন কারখানায় ২ লাখ টাকা জরিমানা
সংগৃহীত ছবি
ছয় মাস থেকে এক বছর আগেই মেয়াদ শেষ হওয়া কাঁচামাল ও রাসায়নিক দিয়ে প্রসাধনী সামগ্রী তৈরির দায়ে জামালপুরের মেলান্দহে ‘গ্রীন বায়োটেকনোলজি’ নামক একটি কারখানাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারখানাটিতে জনপ্রিয় ‘বায়োজিন’ ব্র্যান্ডের নানা ধরনের কসমেটিক্স পণ্য প্রস্তুত করা হতো।
গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকায় অবস্থিত কারখানাটিতে এই ঝটিকা অভিযান চালানো হয়। জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল আনসার ব্যাটালিয়নের একটি দল।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারখানার ভেতরে প্রবেশ করে উৎপাদন প্রক্রিয়া খতিয়ে দেখার সময় মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য ও কাঁচামাল মজুত থাকতে দেখা যায়। পরীক্ষার পর দেখা গেছে, এসব উপকরণের ব্যবহারের মেয়াদ ছয় মাস থেকে এক বছর আগেই পার হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে সেগুলো জব্দ করে ধ্বংস করার প্রক্রিয়া শুরু করে অধিদপ্তর।
ভোক্তা স্বার্থবিরোধী এই কর্মকাণ্ডের জন্য ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৪১ ধারা মোতাবেক কারখানার দায়িত্বশীল প্রতিনিধিকে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পুনরায় এমন অনিয়ম না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “কারখানা কর্তৃপক্ষ যা করছিল তা রীতিমতো অবিশ্বাস্য। যেসব মূল রাসায়নিক দিয়ে প্রসাধনী তৈরি করা হচ্ছে, সেগুলোরই মেয়াদ নেই—যা সরাসরি ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অধিকারের পরিপন্থী। আমরা মেয়াদোত্তীর্ণ সব কাঁচামাল জব্দ করেছি, যা দ্রুত ধ্বংস করা হবে।”
আইনানুগ শাস্তির পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ উপাদান ব্যবহার বন্ধে প্রতিষ্ঠানটিকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
