গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি
গোপালগঞ্জে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, "গোপালগঞ্জবাসী চাইলে হবে।" একই সঙ্গে পুলিশকে যাতে কোনো ‘এক্সট্রিম’ বা কঠোর অবস্থানে যেতে না হয়, সেভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে পুলিশ প্রধান বলেন, "আজ পর্যন্ত এখানকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং আগামীতে তা আরও ভালো হবে। আপনারা এখানকার শান্তিপ্রিয় মানুষেরা বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অবস্থান নিন, কারণ তাদের সংখ্যা খুব বেশি নয়।"
সাম্প্রতিক সহিংসতায় জেলার দুটি থানা পুড়িয়ে দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "থানা কাদের জন্য? থানা তো আপনাদের নিরাপত্তার জন্যই। এখন আপনারা যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? ধরুন এখানে ১০ লাখ মানুষ বসবাস করেন, আর থানায় পুলিশ আছেন মাত্র ২০ জন। আপনারা যদি আইন মান্যকারী নাগরিক না হন এবং পুলিশকে সার্বিক সহযোগিতা না করেন, তাহলে তারা কাজ করতে পারবে না। আর আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নেই, তাহলে যা ইচ্ছা করতে পারেন।"
এর আগে, সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শনে শুক্রবার সকালে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি মো. আলী হোসেন ফকির। এ সময় তার সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ। তারা শহরের সার্কিট হাউসে অবস্থান নিয়ে গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপারদের সঙ্গে পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।
