কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু
কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী শিশু সাহিল এবং পাঁচ মাস বয়সী মাশরুফা। দুর্ঘটনায় আহত হয়েছেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং আরও এক শিশু। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তানিয়ার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে কোনো নিরাপত্তারক্ষী বা গেটম্যান উপস্থিত ছিলেন না।
নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জুমার নামাজ শেষে পরিবারের সদস্যরা অটোরিকশাযোগে রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের সামনে পড়ে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
কক্সবাজার রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে যাত্রীরা হতাহত হন।
কক্সবাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।"
