বিয়ের দাবিতে বৈদ্যুতিক খুঁটিতে উঠল কিশোর, ২ ঘণ্টা পর উদ্ধার
রাজশাহীর তানোরে বিয়ের দাবিতে প্রায় ৩০ ফুট উঁচু বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়ে ১৬ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোর। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার আগে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার আগে ওই কিশোর হঠাৎ বাড়ির পাশের পাকা রাস্তার ধারের পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে উঠে পড়ে। বিষয়টি নজরে আসতেই এলাকাবাসী দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে খবর দিলে তাৎক্ষণিকভাবে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে নিচে নামাতে না পেরে তানোর ফায়ার সার্ভিসে খবর দেন।
তানোর ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুর রউফ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩০ ফুট উঁচু ওই খুঁটি থেকে প্রথমে তাকে নেমে আসার অনুরোধ করা হলেও সে নামতে রাজি হচ্ছিল না। পরে বিয়ে দেওয়ার আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাকে নিরাপদে উদ্ধার করা হয়। কিশোরটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে।
ওই কিশোরের বাবা জানান, তাঁর ছেলে বাকপ্রতিবন্ধী এবং বেশ কিছুদিন ধরেই সে বিয়ে করার আবদার করছিল। সেই দাবিতেই সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়ে। তিনি আরও জানান, এর আগেও গত ২৭ ফেব্রুয়ারি একটি মোবাইল ফোনের দাবিতে গ্রামের মাঠের একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠেছিল সে।
এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
