‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আলোকিত লালমনিরহাট’ যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, তা দেশের বাকি ৬৩ জেলায়ও সম্প্রসারণ করতে হবে। সব সমস্যার সমাধান কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়; বরং সামাজিক সংগঠনের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় অনেক সমস্যার সমাধান করা যায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, গত কয়েক মাসে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে উপলব্ধি হয়েছে যে সব সমস্যার সমাধান শুধু আইন দিয়ে হয় না। সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করলে অনেক বড় সমস্যারও সমাধান সম্ভব। তাই ‘আলোকিত লালমনিরহাট’ মডেল দেশের প্রতিটি জেলায় প্রয়োজন বলে মনে করেন তিনি।
বিগত সময়ের সামাজিক অবক্ষয়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, যখন মানুষ ভয়ের মধ্যে দিন কাটিয়েছে। সমাজে এমন এক অবক্ষয় তৈরি হয়েছিল, যেখানে মান্যগণ্য ও গুণী ব্যক্তিদের অপদস্ত করা হতো। এই পরিস্থিতি থেকে উত্তরণে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সামাজিক উদ্যোগ সারাদেশে গড়ে তোলা জরুরি। সরকার গঠনের পর থেকে বর্তমান প্রশাসনও জনগণের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করে তিনি আরও বলেন, এখানে বিভিন্ন মত, ধর্ম ও নানা শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। সবাই মিলেমিশে কাজ করলে যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, তা ‘আলোকিত লালমনিরহাট’ প্রমাণ করেছে। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহৎ দেশ উল্লেখ করে তিনি পরবর্তী প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানান।
পরিবেশ দূষণ ও মাদক সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, দেশের নদী-নালা ও খাল-বিল আবর্জনায় ভরে যাচ্ছে, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যত্রতত্র আবর্জনা না ফেলে পরিবেশ রক্ষা করতে হবে। পাশাপাশি লালমনিরহাটের মাদক সমস্যা নিরসনে স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টার প্রশংসা করে তিনি সম্মিলিতভাবে এ ব্যাধি দূর করার তাগিদ দেন।
এ ছাড়া বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। ছোটবেলায় দেখা প্রজাপতি এখন আর তেমন চোখে পড়ে না। তাই ফুল, ফল ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।
‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
