আ.লীগের লকডাউন ঘিরে কঠোর অবস্থানে পুলিশ-এসআরবি, মাঠে থাকবে বিএনপিও
আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে যেকোনো ধরনের নৈরাজ্য ও নাশকতা এড়াতে নারায়ণগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনগণের জানমালের নিরাপত্তায় পুরো জেলায় সাড়ে সাতশ পুলিশ সদস্যের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরাও মাঠে থাকবেন। একই সঙ্গে অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে মাঠে অবস্থানের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহদী জানান, লকডাউন কর্মসূচি ঘিরে জেলার সাতটি থানাজুড়ে মোট সাড়ে সাতশ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাইরের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত তিনশ পুলিশ সদস্য নিয়ে আসা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১১) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, “লকডাউন ঘিরে কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য এসআরবির আটটি টহল টিম মাঠে থাকবে। পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি চলবে এবং জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে।”
মহাসড়কে কঠোর নজরদারি
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, মহাসড়কের শিমরাইল মোড়ে অন্তত পাঁচজন এবং তারাবো চেকপোস্টে দশজন হাইওয়ে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তারাবো চেকপোস্টে জেলা পুলিশের সদস্যরাও যুক্ত থাকবেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, মহাসড়কের কয়েকটি পয়েন্টে জেলা পুলিশের বসানো চেকপোস্টগুলোতে সহযোগী হিসেবে কাজ করবেন হাইওয়ে পুলিশের সদস্যরা। এ ছাড়া সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এবং মুহাম্মদ আবদুল বারিক জানিয়েছেন, যেকোনো নাশকতা ঠেকাতে থানা পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হচ্ছে।
মাঠে থাকবে বিএনপি
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিকভাবেও লকডাউন প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতে জেলা বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবেন। নারায়ণগঞ্জ শহর ছাড়াও বিভিন্ন উপজেলার দলীয় নেতারা মহাসড়কে সতর্ক অবস্থানে থাকবেন।”
