খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ
নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক সমিতি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরিবহন মালিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।”
তিনি আরও জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ঢাকার বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের দূরপাল্লার বাস চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এদিকে, আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে চলাচলকারী কিছু বাস সচল থাকলেও ফরিদপুর মোড় এলাকায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা বিরাজ করছে। এ ছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে ওই রুটগুলোতেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
