নেত্রকোনায় রেললাইনে দুর্বৃত্তদের আগুন
ছবি সংগৃহীত
নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেল স্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে কিছু একটা তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন এক যুবক। এরপরই তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়দের বরাতে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) পাঁচটার দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তা নিভিয়ে ফেলেন গ্রাম পুলিশ সদস্যরা।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করেছে। আগুনে রেললাইনের কাঠের স্লিপার কিছুটা কালো হয়ে যাওয়া ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রেলওয়ে প্রকৌশল বিভাগের তথ্যের বরাতে ঠাকুরাকোনা রেল স্টেশনের ম্যানেজার আতাউর রহমান জানান, দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এতে রেলের সামান্য ক্ষতি হলেও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
এর আগে জেলার চল্লিশা এলাকায় আরও দুই দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।
