গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর পৈতৃক বাড়িতে আগুন
ছবি সংগৃহীত
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাজীপুর জেলার সভাপতি আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। তবে পাশেই তার আটতলা ভবনটি অক্ষত রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদরের জোড় পুকুরপাড়-সংলগ্ন দক্ষিণ ছায়াবীথির বাসভবনটিতে দুর্বৃত্তরা আগুন দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দেওয়া বাড়িটি আকম মোজাম্মেল হকের পৈতৃক পুরাতন টিনশেড বাড়ি। এই বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লেগেছে। তবে এটা কার বাড়ি আমরা এখনো নিশ্চিত নই, কেউ বলছে সাবেক মন্ত্রীর বাড়ি আবার কেউ বলছে অন্য কারও বাড়ি।
