নামাজ পড়তে বলায় নানাশ্বশুরের লাঠি ভাঙলেন নাতিজামাই, থানায় অভিযোগ
বরগুনায় নামাজ পড়তে বলায় সত্তরোর্ধ্ব নানাশ্বশুরের হাঁটার লাঠি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে নাতিজামাইয়ের বিরুদ্ধে। পাশাপাশি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরগুনা সদর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন। তিনি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার সোনালীপাড়ার বাসিন্দা। সদর থানার পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত নাতিজামাই রব্বানী গাজী ভুক্তভোগী সোহরাব হোসেনের প্রতিবেশী। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নাতিজামাই রব্বানীকে নামাজ পড়ার পরামর্শ দেন সোহরাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তার হাঁটার জন্য ব্যবহৃত লাঠিটি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে এ ঘটনার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন ওই বৃদ্ধ।
এ বিষয়ে বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী বলেন, সোহরাব হোসেন নামের এক বৃদ্ধ লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পারিবারিক বিষয় হওয়ায় কাউন্সেলিংয়ের মাধ্যমেও ঘটনাটি সমাধানের চেষ্টা করা হবে।
