সাতক্ষীরা সীমান্তের ৫ স্থানে বিজিবির সতর্কতামূলক গুলিবর্ষণ, মানব পাচারকারী আটক ৮
সাতক্ষীরা সীমান্তের পাঁচটি পৃথক স্থানে অজ্ঞাত ব্যক্তিদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সতর্কতামূলক গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৫ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়নের আভিযানিক দল সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের আনাগোনা দেখতে পেয়ে কয়েক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। এরপর বিজিবির টহল দল ওই এলাকাগুলোতে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের আট সদস্যকে আটক করতে সক্ষম হয়।
বিজিবি জানায়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বহুগুণে বাড়ানো হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
সীমান্ত দিয়ে অবৈধ গমনাগমন ও অনুপ্রবেশ ঠেকাতে দিন-রাত মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে এবং সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।
সীমান্ত এলাকায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে জানিয়ে বিজিবি আরও উল্লেখ করে, নজরদারি জোরদার করতে থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সিসি ক্যামেরা ও সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহ ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীন সব বিওপি এবং জনবলকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
