মুরগি হত্যার বিচার চেয়ে থানায় অভিযোগ
যশোরের কেশবপুরে প্রতিবেশীর বাড়িতে যাতায়াত করাকে কেন্দ্র করে বিষ প্রয়োগে ছয়টি দেশি মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় তিন হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। নিরীহ প্রাণী হত্যার সুষ্ঠু বিচার চেয়ে সোমবার (১৬ নভেম্বর) কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের চাঁদড়া গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলাম (৫২)।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নজরুল ইসলামের বাড়িতে পালিত কয়েকটি দেশি মুরগি খাবারের সন্ধানে মাঝেমধ্যে প্রতিবেশী মো. জাহাঙ্গীর সানার বাড়িতে যেত। এ নিয়ে জাহাঙ্গীর সানার পরিবারের সদস্যরা অসন্তোষ প্রকাশ করতেন এবং মুরগিগুলো মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ১৪ ও ১৫ নভেম্বর দুই দিনে মুরগিগুলোকে লক্ষ্য করে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয়। বিষক্রিয়ায় ছয়টি মুরগির মৃত্যু হয় এবং কয়েকটি মুরগি ঝোপের মধ্যে পড়ে মারা যায়। এছাড়া কয়েকটি মুরগি জবাই করা হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগী। এ ঘটনায় প্রতিবেশী জাহাঙ্গীর সানার স্ত্রী মোছা. রূপা খাতুনকে (৩৫) অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রতিবাদ জানাতে গেলে নজরুল ইসলামের স্ত্রীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে জানানো হয়।
ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, মুরগিগুলো যেন প্রতিবেশীর বাড়িতে না যায়, সে ব্যাপারে তিনি যথেষ্ট সতর্ক ছিলেন। তা সত্ত্বেও খাবারের প্রলোভন দেখিয়ে বিষ মেশানো খাবার দিয়ে মুরগিগুলো হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, তিনি অর্থের জন্য নয়, বরং গৃহপালিত নিরীহ প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের সুষ্ঠু বিচার চান।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
