এক ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়
সংগৃহীত ছবি
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ। মাছটি শুক্রবার দুপুরে অন্যান্য মাছের সঙ্গে স্থানীয় মৎস্য মার্কেটে নিয়ে আসে জেলেরা। পরে ১ লাখ ৪৫ হাজার টাকা মণ দরে নিলামের মাধ্যমে ৮ হাজার ৫১০ টাকায় বিক্রি করেন।
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়ে প্রথম বড় একটি ইলিশ জেলের জালে ধরা পড়েছে বলে স্থানীয় মৎস্য ব্যবসায়িরা জানিয়েছেন। জেলে নবী হোসেন জানান, প্রতিদিনই তারা বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। ছোট আকারের ইলিশের পাশাপাশি এই ইলিশটি তাদের জালে ধরা পড়ে। তবে মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে তিনি খুশি।
ঘরামী ফিশ আড়তের স্বত্বাধিকারী জয়নাল ঘরামী জানান, মাছটির ওজন ও মান বিবেচনা করেই তিনি ইলিশটি কিনেছেন। ইতোমধ্যে মাছটি ঢাকার বাজারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে ভালো দামে বিক্রি করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, সাগরে বড় আকৃতির ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নিশ্চিত করতে সরকারের গৃহীত মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব কার্যক্রমের ফলে ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা বাড়াতে ইতিবাচক প্রভাব পড়ছে।
