দুবাই থেকে সকালে দেশে ফিরে বিকেলেই প্রবাসীর মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে দুবাই থেকে সকালে দেশে ফিরে বিকেলে মারা গেছেন মো. এনামুল হক (৫৮) নামের এক প্রবাসী। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনামুল হক উপজেলার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান এনামুল হক। সেখানে একটি কোম্পানিতে সেলাই কাজের ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২০২৩ সালের শেষের দিকে তার ব্রেন টিউমার ধরা পড়ে। সেখানে অপারেশন শেষে সুস্থ হওয়ার পর আবারও কাজে যোগ দেন।
দীর্ঘ প্রবাস জীবন শেষে শুক্রবার ভোর ৫টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে সকাল ৯টার দিকে স্বজনদের সঙ্গে বাড়ি ফেরেন। বাড়ি আসার পর দুপুর ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে বারইয়ারহাটের বিএম হাসপাতালে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের ধারণা, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
এনামুল হকের ভাতিজা আশরাফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার চাচা আজ সকালে দেশে ফেরেন। চাচা ও চাচাতো ভাই বিমানবন্দর থেকে তাকে বাড়ি নিয়ে আসেন। সকাল ৯টার দিকে বাড়ি পৌঁছানোর পর অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রামে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ব্রেন স্ট্রোক করেছেন। তার তিনটি কন্যাসন্তান রয়েছে।
বারইয়ারহাট বিএম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বিকাশ হালদার জানান, দুপুর ১২টার দিকে তাকে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আমরা চট্টগ্রাম রেফার করি। ধারণা করছি তিনি ব্রেন স্ট্রোক করেছেন।
