গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে অচল হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসাইন জানান, একজন শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। তবে তাঁদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্বচন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বৃহস্পতিবার আন্দোলন করেন। ওই দিন পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
আহত শ্রমিকদের একজন মারা গেছেন; শনিবার সকালে কারখানাগুলোতে এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তাঁরা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে আসেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা। তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
নাওজোর মহাসড়ক পুলিশের পরিদর্শক মো. মঞ্জুর মোর্শেদ বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের খণ্ড খণ্ড বিক্ষোভ চলছিল। তখনো যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।
মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা। অনেকে যানবাহন ছেড়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।
