একটি ইলিশের দাম সাড়ে আট হাজার টাকা
ছবি সংগৃহীত
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ। মাছটি স্থানীয় আড়তে নিলামে বিক্রি হয়েছে ৮ হাজার ৫১০ টাকায়।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে মাছটি আড়তে তোলা হলে নিলামে কিনে নেন মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামী। নিষেধাজ্ঞা শেষে এ অঞ্চলে জেলেদের জালে ধরা পড়া এটিই প্রথম বড় ইলিশ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জেলে নবী হোসেন জানান, নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়ে ছোট আকারের ইলিশের পাশাপাশি বড় মাছটির সন্ধান পান তিনি। পরে মাছটি আড়তে নিয়ে নিলামে বিক্রি করেন। ভালো দাম পাওয়ায় তিনি খুশি। তার ভাষায়, এ ধরনের বড় ইলিশ ধরা পড়লে জেলেরা আর্থিকভাবে লাভবান হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘ঘরামী ফিশ কুয়াকাটা’র স্বত্বাধিকারী জয়নাল ঘরামী নিলামে মাছটি কিনে নেন। এর আগে গত বুধবার ২ কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন তিনি।
জয়নাল ঘরামী বলেন, সাগরে মাছের পরিমাণ কম। জেলেদের জালে যা ধরা পড়ছে, তার বেশিরভাগই জাটকা। বড় ইলিশ সব সময় পাওয়া যায় না। মাছটির ওজন ও মান বিবেচনা করে ৮ হাজার ৫১০ টাকায় কিনেছেন। বড় ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ থাকায় ভালো দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য জেলেদের আইন মেনে মাছ আহরণ করতে হবে। পাশাপাশি ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে নির্ধারিত নিষেধাজ্ঞাও যথাযথভাবে পালন করা প্রয়োজন।
