ঠাকুরগাঁও সীমান্তে দুটি চিতাবাঘের আনাগোনা, স্থানীয়দের মধ্যে আতঙ্ক
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তের ওপারে দুটি চিতাবাঘের দেখা মিলেছে। সীমান্তের কাছাকাছি এলাকায় প্রাণী দুটির অবাধ বিচরণে স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেকোনো সময় নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তের ৩৯৫ নম্বর পিলার সংলগ্ন নাগর নদীর ওপারে বাঘ দুটিকে দেখতে পান স্থানীয়রা। এ সময় প্রাণী দুটির ছবি ধারণ করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বাঘ দুটি প্রথমে নাগর নদীর ওপারে অবস্থান করছিল। পরে সেগুলো পাশের একটি চা-বাগানে ঢুকে যায়। এরপর থেকে সীমান্তবর্তী এলাকায় প্রাণী দুটির অবস্থান নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নদী পার হয়ে লোকালয়ে চলে আসার আশঙ্কায় সতর্ক রয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা।
স্থানীয়রা আরো জানান, সীমান্তবর্তী এলাকায় এ ধরনের বন্য প্রাণীর উপস্থিতি তাদের জন্য উদ্বেগের বিষয়। বাঘ দুটি যদি নদী পেরিয়ে লোকালয়ে প্রবেশ করে, তাহলে মানুষের পাশাপাশি গবাদিপশুর জন্যও ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে, বিষয়টি জানার পর সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাঘ দুটি যাতে লোকালয়ে প্রবেশ করে মানুষের ক্ষতির কারণ হতে না পারে, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
