এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিটের আলামত মেলেনি, দাবি পল্লী বিদ্যুতের
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা বৈদ্যুতিক তার, মিটার ও ফিউজ পরীক্ষা-নিরীক্ষা করে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। ফলে আগুনের প্রকৃত কারণ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওএন্ডএম) তোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পল্লী বিদ্যুতের লাইন থেকে কোনো শর্টসার্কিট হয়নি। অগ্নিকাণ্ডের সময় বিদ্যুতের লাইন অক্ষত ছিল। ঘটনার পর অভিযোগ কেন্দ্রে ফোন আসার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে দুজন লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক তার ও মিটার উদ্ধার করেন। পরীক্ষা করে দেখা যায়, তার অক্ষত ছিল।
তোজাম্মেল হক বলেন, আগুনে মিটারের বাইরের অংশ পুড়ে গেলেও ভেতরের সার্কিটে শর্টসার্কিটের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বাড়ির প্রধান সুইচের কার্টিজ ফিউজগুলোও অক্ষত ছিল।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট হলে সাধারণত ফিউজ পুড়ে যাওয়ার কথা। কিন্তু এখানে ফিউজগুলো অক্ষত পাওয়া গেছে। বাড়িতে স্বাভাবিক মানের ফিউজ ব্যবহার করা হয়েছিল; উচ্চ রেটিংয়ের কোনো ফিউজ ছিল না।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, উদ্ধার করা বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য আলামত পর্যালোচনা করে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে দায়ী করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে, এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদন্ত কমিটির প্রধান হলেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলাম। অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
ইতোমধ্যে শুক্রবার দুপুরে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন ঘর ঘুরে দেখেন এবং আগুন লাগার সম্ভাব্য কারণসহ ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখেন। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান আহমেদ মাহবুব-উল-ইসলাম।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ নভেম্বর) গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজে বাদী হয়ে মামলা করেন সংসদ সদস্য। মামলায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে তাঁর মা-বাবাসহ পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে।
