সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পলাশ এনসিপির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে।
পুলিশ জানায়, পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। ওই সংস্থায় তার সঙ্গে কাজ করেন ২৭ বছর বয়সী এক তরুণী। তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন। সেই মামলাতেই পলাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘তানোর উপজেলার যারা দায়িত্বশীলদের জানানো হয়েছে। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
