ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ৭ দালাল আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে বেসরকারি হাসপাতালের দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক সাতজনের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়।
আটকরা হলেন—অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়া। তাদের মধ্যে শিপনকে দুই হাজার টাকা এবং নার্গিসকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এসব দালালকে যারা লালন-পালন করে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
