সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, সমালোচনার ঝড়
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তার চেয়ারে বসে টিকটক ভিডিও ধারণ করেছেন ‘কালা ভাই ০.২’ নামে এক কনটেন্ট ক্রিয়েটর। বুকের বোতাম খোলা অবস্থায় চেয়ারে বসে উগ্র ভঙ্গিতে কথা বলার ১৯ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। একই সঙ্গে সরকারি কার্যালয়ে এমন ভিডিও ধারণের সুযোগ পাওয়া এবং কর্মকর্তার দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই যুবক সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে বিভিন্ন ব্যক্তিকে উদ্দেশ করে কথা বলছেন। তাঁকে বলতে শোনা যায়, ‘এই, আপনি কথা বলিয়েন না। আপনি গাছের মধ্যে পেরেক মারেন, এরপর ডিল মেরে রাখেন। আমাদের মতো বন্ধুবান্ধব চুরি করতে পারি না। আমি অফিসিয়ালভাবে আপনার বিরুদ্ধে মামলা করব। আপনি আমাকে চেনেন? এদিকে আসো।’ পরে আপত্তিকর অঙ্গভঙ্গির মধ্য দিয়ে ভিডিওটি শেষ করেন তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সরকারি কার্যালয়ের ভেতরে কর্মকর্তার চেয়ারে বসে এমন ভিডিও ধারণের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আরাফাত আল মাহমুদ নামের এক ব্যক্তি ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লেখেন, ‘ইউএনওর সুদৃষ্টি কামনা করছি ও সমাজসেবা কর্মকর্তার শোকজ চাচ্ছি।’ আকবর হোসাইন সুমন নামের আরেক ব্যক্তি ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘এটা কি কমলনগর উপজেলা?’
হাসান হাওলাদার নামের একজন লেখেন, ‘কমলনগর উপজেলা সরকারি প্রতিষ্ঠান। সমাজসেবা অফিসারের চেয়ারে বসে টিকটক করার কারণে সমাজসেবা কর্মকর্তাকে ইউএনও মহোদয় শোকজ করা উচিত।’
তবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী মো. বাবুল হোসেন। তিনি বলেন, ‘ভিডিওটি এআই কি না, জানি না। আজ আমাদের ফ্যামিলি কার্ডের কর্মসূচি ছিল। আমরা সে কাজে ব্যস্ত ছিলাম।’
এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাতুজ জামান বলেন, ‘বিষয়টি সম্পর্কে জেনেছি। ব্যবস্থা নিচ্ছি।’
তবে ভিডিও ধারণকারী ‘কালা ভাই ০.২’ নামের ওই কনটেন্ট ক্রিয়েটরের বক্তব্য পাওয়া যায়নি।
