শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২২ কারখানা ছুটি
ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের অন্তত ২২টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে পুলিশ দাবি করেছে, কারখানাগুলোতে এই অশান্ত পরিবেশ তৈরির পেছনে বহিরাগত একটি 'তৃতীয় পক্ষের' ইন্ধন রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শ্রমিকরা স্বাভাবিকভাবেই কারখানায় কাজে যোগ দিয়েছিলেন। তবে সকাল ১০টার পর হেমায়েতপুর ও আশুলিয়ার বেশ কিছু কারখানার শ্রমিকরা হঠাৎ কাজ বন্ধ করে কর্মবিরতি শুরু করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ আশুলিয়া এলাকার শারমিন গ্রুপ, নেক্সট কালেকশন, স্টারলিং, ওয়াইপি আশুলিয়া লিমিটেড, রেজা গার্মেন্টস, হলিউড, ছাদ ফ্যাশন, ডেবোনিয়ার, দি রোজ অ্যাপারেলস লিমিটেড, প্রাণ-আরএফএল-এর সাবিহা, নিট এশিয়া, ইয়াগী বাংলাদেশসহ সাভার ও আশুলিয়ার অন্তত ২২টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
ছুটি ঘোষণার পর বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ফটক ছেড়ে রাস্তায় নেমে অন্যান্য কারখানাও বন্ধের চেষ্টা করেন। সকাল ১০টার দিকে আশুলিয়ার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক এবং ১১টার দিকে সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা চালান শ্রমিকরা। হেমায়েতপুরের এ কে এইচ গ্রুপ ও ববস গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা যমুনা গার্মেন্টসের সামনে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের সাথে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এখনো বিভিন্ন স্থানে শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টার খবর পাওয়া যাচ্ছে।
দুপুরে সাভারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তবে বাইরে থেকে তৃতীয় পক্ষ ঢুকে পরিস্থিতি অস্থিতিশীল করে ফায়দা লোটার চেষ্টা করছে। হেমায়েতপুরের কারখানাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানো ব্যক্তিরা মূলত বহিরাগত। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে পুলিশ কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে না। পরিকল্পিতভাবে যারা গুজব ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের সাইবার নিরাপত্তা দল কাজ করছে।
সার্বিক বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, জামগড়া এলাকা ছাড়া সাভার ও আশুলিয়ার বাকি সব জায়গার পরিবেশ বর্তমানে নিয়ন্ত্রণে আছে। সাভারের হেমায়েতপুরে শ্রমিকরা এসে রাস্তা অবরোধের চেষ্টা করেছিল, তবে পুলিশ তা দ্রুত নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত ২০ থেকে ২২টির মতো কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বর্তমানে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে হেমায়েতপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে জেলা পুলিশ, শিল্প পুলিশ, এপিবিএন, ডিবি ও বিজিবির যৌথ টহল ও কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে। পুরো এলাকা এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
