ভারতে পালানোর সময় চেকপোস্টে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ভারতে পালানোর উদ্দেশ্যে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে পৌছানোর পর পাবনার আটঘরিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চেকপোস্টের বহির্গমন ডেস্ক থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বারুইপাড়া এলাকার ইসমাইল সরদারের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে থাকলেও তাঁর কোনো আনুষ্ঠানিক পদ-পদবি নেই বলে স্বীকার করেছেন।
দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ তুহিন জানান, জাহাঙ্গীর হোসেন ভ্রমণ ভিসায় ভারতে যাওয়ার জন্য বহির্গমন ডেস্কে আসেন। তার দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে গত ১৭ আগস্ট পাবনার আটঘরিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
