আনোয়ারায় গ্রামীণ ব্যাংকে ককটেল নিক্ষেপ, নথিপত্র পুড়ে ছাই
চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের কিছু পুরোনো নথিপত্র পুড়ে গেছে, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার বারখাইন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে ব্যাংকের নিচতলায় আগুন দেখতে পান নিরাপত্তাকর্মীরা। পরে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নিচতলার জানালার কাচ ভেঙে ভেতরে ককটেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। এতে কিছু পুরোনো কাগজপত্র পুড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ব্যাংকের নিচতলায় কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিকভাবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। তবে ঘটনার বিষয়ে তারা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
গ্রামীণ ব্যাংকের বারখাইন শাখার ব্যবস্থাপক আনিক বিন রশীদ জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে এটি ককটেল বিস্ফোরণের ঘটনা, নাকি শুধু অগ্নিসংযোগ—তা তিনি নিশ্চিত করতে পারেননি।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকটিতে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যাংকের পক্ষ থেকে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
