স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ছিলেন ছাত্রশক্তির হাসিব
জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের গেটের সামনে এ হামলা হয়।
জানা গেছে, হাসিব আল ইসলাম ৮ নভেম্বর বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ওঠেন এবং মঙ্গলবার তার চেক আউটের কথা ছিল। তবে এর আগেই সকালে হামলার শিকার হন তিনি। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।
রিসোর্ট কর্তৃপক্ষ জানান, হাসিব আল ইসলাম এক নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন। তারা রুম নাম্বার ১১৮-এর অগ্নিবীণায় অবস্থান করছিলেন। হামলার পর থেকে তিনি আত্মরক্ষায় আত্মগোপনে রয়েছেন।
এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, হাসিব আল ইসলাম এক নারীর সঙ্গে অটোরিকশায় যাচ্ছিলেন। পথে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা অটোরিকশাটি আটকে তার ওপর হামলা চালান। এ সময় তিনি দৌড়ে প্রাণ বাঁচান।
