জামায়াতের দ্বীন আমাদের দ্বীন নয়: বাবুনগরী
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর দ্বীন আমাদের দ্বীন নয়, জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়।’
শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বিনি মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে অস্বীকার করার মাধ্যমে মওদুদীবাদ ইসলামের মৌলিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে।
জামায়াতে ইসলামী ও মওদুদীবাদের সমালোচনা করে তিনি বলেন, সাহাবায়ে কেরামের অনুসৃত পথ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথই সাহাবায়ে কেরামের পথ। কোরআন ও হাদিসের মাধ্যমে এ পথ উম্মতের কাছে পৌঁছেছে। এ পথই সিরাতুল মুস্তাকিম। যারা এ পথে থাকবে, তারাই নাজাত পাবে।
বাবুনগরী বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী উম্মতের মধ্যে ৭২টি ভ্রান্ত ফিরকার আবির্ভাব ঘটেছে। বর্তমানে বিভিন্ন ভ্রান্ত মতাদর্শের বিস্তার ঘটেছে।
সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন—এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার বিধানসহ ইসলামের মৌলিক আমলগুলো আমরা সাহাবায়ে কেরামের মাধ্যমেই পেয়েছি। রাসুলুল্লাহ (সা.)-এর নামাজের পদ্ধতি সাহাবিরা প্রত্যক্ষ করেছেন এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে অস্বীকার করলে দ্বিনের ধারাবাহিকতাই প্রশ্নের মুখে পড়ে।’
জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর চিন্তাধারার সমালোচনা করে তিনি বলেন, মওদুদী সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে মানতে চাননি। তাঁর বিভিন্ন বক্তব্য ইসলামের প্রচলিত আকিদা ও ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে সাংঘর্ষিক। বক্তব্যের একপর্যায়ে জামায়াতে ইসলামীসহ কয়েকটি ধর্মীয়-রাজনৈতিক গোষ্ঠীরও সমালোচনা করেন হেফাজত আমির।
মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বিনি মহাসম্মেলন বৃহস্পতিবার বাদ ফজর শুরু হয়। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা, বিশিষ্ট ব্যক্তি ও দেশবরেণ্য আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
