চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে গুলি করে তরিকুল ইসলাম শেখ নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গফফারের চায়ের দোকানের ভেতরে অবস্থান করছিলেন তরিকুল। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
