অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে দুর্ঘটনা, দুই দিন পর ছেলের মৃত্যু
অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চোখে বাঁশ ঢুকে গুরুতর আহত হওয়ার দুই দিন পর মো. হেলাল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত হেলাল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আমিন উদ্দিন জমদ্দার বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় আথাকরা বাজারে চায়ের দোকান করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২ নভেম্বর) হেলালের মা স্ট্রোক করলে তাকে নোয়াখালীর মাইজদীতে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে মাকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় মাইজদীর উদ্দেশে রওনা হন হেলাল। পথে স্থানীয় মুন্সী রাস্তার আগে সড়কের পাশে বাঁশবোঝাই একটি যানবাহন থেকে ছিটকে আসা বাঁশের একটি অংশ তার চোখে ঢুকে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে চোখে বাঁশের অংশ বিদ্ধ অবস্থায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার চোখ থেকে বাঁশের অংশ বের করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় হেলালের মা, বোন ও মেজো ভাবিও আহত হন। তারা নোয়াখালীর মাইজদীর একটি হাসপাতালে চিকিৎসা নেন।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, হেলাল আথাকরা বাজারের পরিচিত মুখ ছিলেন। তিনি একজন ভালো মানুষ ছিলেন। মাকে চিকিৎসকের কাছে নিতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হবেন, তা কেউ ভাবেনি। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি মারা গেলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হবে।
