চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লিখল স্কুলছাত্রীরা
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির প্রাচীরে 'জয় বাংলা' জয় বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান লিখেছে বিদ্যালয়টির কয়েকজন ছাত্রী। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে শিক্ষার্থীদের দলবদ্ধভাবে দেয়ালে এসব স্লোগান লিখতে দেখা গেছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসকের নির্দেশে দেয়াল থেকে লেখাগুলো মুছে ফেলেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে দেয়ালে লেখা এসব স্লোগান। পরে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী একত্র হয়ে দেয়ালে কালো রঙের স্প্রে দিয়ে বিভিন্ন স্লোগান লিখছে। ফুটেজে তাদের স্লোগান লেখার দৃশ্যও ধরা পড়েছে।
সরেজমিনে দেখা যায়, গলির বসতবাড়ির প্রাচীরে, জয় বাংলা, জয় হাসিনা, মুজিব সেনা, উই আর মুজিব সেনা এবং ফিরছি আবার ডিসেম্বর, সহ বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। এসব স্লোগান কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক স্লোগান হিসেবে পরিচিত। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় বাসিন্দা বলেন, বুধবার দিনের বেলায় স্কুলের ছাত্রীরা দেয়ালে এসব স্লোগান লিখেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ড প্রত্যাশিত নয়।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মুঠোফোনে বলেন, ছাত্রীরা এসব স্লোগান লিখেছে। জেলা প্রশাসকের নির্দেশে বিদ্যালয় কর্তৃপক্ষ দেয়ালের লেখাগুলো মুছে দিয়েছে। কারা এ কাজ করেছে, তা শনাক্ত করে তাদের অভিভাবকদের ডেকে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সদর থানার তদন্ত কর্মকর্তা হিমেল রানা বলেন, ঘটনাটি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। কার নির্দেশে বা কী উদ্দেশ্যে শিক্ষার্থীরা দেয়ালে এসব স্লোগান লিখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শিক্ষার্থীদের দেয়ালে স্লোগান লেখার দৃশ্য পাওয়া গেছে। পরবর্তী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
