আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাজীপুর শান্ত
ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার আব্দুল্লাহপুর–বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির শঙ্কায় আশুলিয়ার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজ বেলা তিনটা পর্যন্ত কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে।
এদিতে শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে সাভার ও আশুলিয়ায় এ পর্যন্ত আটটি মামলা হয়েছে এবং ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আশুলিয়ার আব্দুল্লাহপুর–বাইপাইল সড়কের আশপাশের বিভিন্ন কারখানায় উপস্থিত হন শ্রমিকেরা।
তারা কাজ বন্ধ করে কারখানায় বসে থাকেন। পরে কারখানায় ছুটি ঘোষণা করলে সকাল সাড়ে ৮টার দিকে জামগড়া এলাকায় সড়ক অবরোধ করেন তারা। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় বিক্ষোভকারীদের ইটপাটকেলের আঘাতে পুলিশের একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। পরে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আজ সাভার ও আশুলিয়ার পরিস্থিতি অনেক ভালো। তবে কিছু জায়গায় অস্থিতিশীলতার শঙ্কা থাকায় এবং কিছুটা অস্থিতিশীল হওয়ায় এসব এলাকার এক হাজার ৮৬৩টি কারখানার মধ্যে ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে জামগড়া এলাকায় কারখানা ছুটির পর কিছু দুষ্কৃতকারী কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে। সেখান থেকে কয়েকজনকে ধরার পর তাঁরা পুলিশের গাড়ি ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, সকাল থেকে আশুলিয়ার দোসাইদ এলাকার বিভিন্ন কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছিলেন শ্রমিকেরা। সকাল সাড়ে নয়টার দিকে ওই এলাকার ‘ফেব্রিকা নিট কম্পোজিট’ কারখানার সামনে ৪০০ থেকে ৫০০ বিক্ষোভকারী জড়ো হয়ে কারখানার দুটি ফটক ভেঙে ফেলেন। এ পরিস্থিতিতে কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়।
টানা পাঁচ দিনের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের পর গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন স্বাভাবিক। আজ বৃহস্পতিবার বেলা তিনটা পর্যন্ত কোথাও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক আছে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সফিপুরে আনসারের একটি প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, শ্রমিকদের জন্য সরকার মজুরি বোর্ড গঠন করেছে। ইতিমধ্যে কার্যক্রমও শুরু হয়েছে। আনসারের থানা ও ওয়ার্ডভিত্তিক জনবল থেকে তাঁরা দুষ্কৃতকারী কারা, কোথায় কী পরিকল্পনা করছে—জানতে পারছেন। দুষ্কৃতকারীরা যাতে জানমালের ক্ষতি করতে না পারে, সে জন্য আনসার ব্যাটালিয়ন কাজ করছে।
