কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, মানব পাচারকারীসহ আটক ৮
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। তাদের মধ্যে ২ জনের বিরুদ্ধে অপর ছয়জনকে ভারতে যেতে সহযোগিতার অভিযোগ রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি-৯-এর সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে, গত ২ নভেম্বর বিকালে উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুলাউড়া থানার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকার একটি বসতঘরে কয়েকজন ব্যক্তি বৈধ পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছেন।
এই তথ্যের ভিত্তিতে গত ২ নভেম্বর বিকেলে ওই বসতঘরে অভিযান চালায় এসআরবির একটি দল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আটজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে মো. হারিছ আলী (৩৫) ও মো. আবুল আলী (৪৫) মানব পাচারকারী চক্রের সদস্য। তারা অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করছিলেন বলে জানায় এসআরবি-৯।
পরে তল্লাশি চালিয়ে আটক ব্যক্তিদের কাছে ভারতে যাওয়ার কোনো বৈধ পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি।
আটক ব্যক্তিরা হলেন- মো. হারিছ আলী (৩৫), সঞ্জরপুর, কুলাউড়া,মো. আবুল আলী (৪৫), সঞ্জরপুর, কুলাউড়া,আমিনুর শরীফ (৪২), সীতারামপুর, কাশিয়ানী, গোপালগঞ্জ, মো. মফিজুর শিকদার (৪৩), সীতারামপুর, কাশিয়ানী, গোপালগঞ্জ,কামরুল মোল্যা (৪৬), ধিরাই, কাশিয়ানী, গোপালগঞ্জ, ইয়ামিন মোল্যা (৪৫), ভুলবাড়িয়া, কাশিয়ানী, গোপালগঞ্জ, সুখলাল বিশ্বাস (৪১), ভুলবাড়িয়া, কাশিয়ানী, গোপালগঞ্জ, মো. জিহাদ সরদার (৪০), মালিবাতা, সদর, গোপালগঞ্জ।
এসআরবি-৯ জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও মানব পাচারের চেষ্টার অভিযোগে ‘দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩’-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
পরে আটক আটজনকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
