আশুলিয়ায় ১ হাজার ৮৬৩ কারখানার মধ্যে বন্ধ ৭০, নিয়ন্ত্রণে পরিস্থিতি
সংগৃহীত ছবি
ঢাকার আশুলিয়ার পোশাকশিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ ও উত্তেজনার মধ্যেও অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিল্প পুলিশ-১-এর আওতাধীন ১ হাজার ৮৬৩টি কারখানার মধ্যে বৃহস্পতিবার সাময়িকভাবে বন্ধ রয়েছে ৭০টি। বাকি ১ হাজার ৭৯৩টি কারখানায় চলছে উৎপাদন। শিল্প পুলিশের দাবি, বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় সাংবাদিকদের এসব তথ্য জানান শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
তিনি বলেন, বৃহস্পতিবার জামগড়া এলাকার কয়েকটি কারখানায় ছুটির পর কিছু দুষ্কৃতকারী ঢিল ও পাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েকজনকে আটক করতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
তবে ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি। মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কিছুক্ষণ আগে প্রায় আড়াই হাজার শ্রমিক জিরাবো থেকে এনভয় কারখানা পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করেছেন। গাজীপুরে শ্রমিক হত্যার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।
ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা জানতে চাইলে শিল্প পুলিশের এই কর্মকর্তা বলেন, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে বর্তমানে শিল্প পুলিশের কাছে কেউ আটক নেই। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি এপিসিসহ মোতায়েন রয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় থানা-পুলিশ ও শিল্প পুলিশ যৌথভাবে কাজ করছে। দুই বাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উসকানিদাতাদের শনাক্তে অভিযান
শ্রমিক অসন্তোষের পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে বলে দাবি করেন শিল্প পুলিশ সুপার। তিনি বলেন, শ্রমিকেরা মূলত কাজ করতে চান। কিন্তু বাইরে থেকে কিছু দুষ্কৃতকারী ও নাশকতাকারী এসে তাদের উসকানি দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রচার চালিয়ে শ্রমিকদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিদাতাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে অনেককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে তাদের পরিচয় প্রকাশ করা সম্ভব নয়।
মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বহিরাগত কিছু ব্যক্তি শ্রমিকদের সামনে রেখে পেছন থেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। তাদের পেছনে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তাদের কাছে নেই। তবে এসব ব্যক্তির অনেকে শ্রমিক নন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে কোথায় শ্রমিকেরা আন্দোলনে নামছেন, কোথায় গাড়ি ভাঙচুর হচ্ছে কিংবা কোথায় পরিস্থিতি শান্ত রয়েছে, সেসব বিষয়ে প্রচার চালাচ্ছেন।
কাজে ফেরার আহ্বান পুলিশের
শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে শিল্প পুলিশ সুপার বলেন, সরকার ইতোমধ্যে ন্যূনতম মজুরি বোর্ড ঘোষণা করেছে। এ কার্যক্রম চলমান রয়েছে এবং জানুয়ারি মাসের শুরু থেকে নতুন মজুরি কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে। মালিকপক্ষও নির্ধারিত ন্যূনতম মজুরি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকেরা কাজে ফিরে এলে শিল্পাঞ্চলে আবারও উৎসবমুখর ও কর্মচঞ্চল পরিবেশ ফিরে আসবে বলে তারা আশাবাদী।
