গাজীপুরের মোড়ে মোড়ে বিজিবি, ব্যাটালিয়ন আনসার
সংগৃহীত ছবি
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা কয়েক দিনের শ্রমিক বিক্ষোভের পর গাজীপুরের শিল্পাঞ্চলে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকেরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলার কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি। বরং দলবেঁধে নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে তাঁদের।
এদিকে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজও মোতায়েন রয়েছে। এর মধ্যে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন। তিনি জানান, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির ১২ প্লাটুন, আনসারের ৫ প্লাটুন এবং এসআরবির ৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।
আরিফ হোসাঈন আরও জানান, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ, মানুষের জানমালের কোনো ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ইতিমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।
