লক্ষ্মীপুরে গরু চুরির চেষ্টার অভিযোগে তাঁতীদলের বহিষ্কৃত নেতাসহ আটক-৩
লক্ষ্মীপুরে গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টার অভিযোগে তাঁতীদলের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার শাকচর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, শাকচর ইউনিয়ন তাঁতীদলের বহিষ্কৃত সদস্য সচিব শাহ আলম এবং একই ইউনিয়নের রিয়াজ হোসেন ও জামাল হোসেন।
মামলার বাদী গরুর মালিক আবদুর রহমান জানান, গভীর রাতে অভিযুক্তরা তাঁর গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, গরু চুরির চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
