যশোরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩
ছবি সংগৃহীত
যশোরের অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে যশোর-খুলনা মহাসড়কে ভৈরব সেতুসংলগ্ন মশরহাটী গ্রামে ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে দুইজন এবং মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে চেঙ্গুটিয়া এলাকায় উড়োতলা নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহতের ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র আব্দুল্লাহ আল আপন (২২) উপজেলার বুইকারা গ্রামের ওবাইদুল কাদেরের ছেলে। তিনি পায়রাহাট ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এছাড়া নিহত ভ্যানচালক আব্দুল ওহাব (৫৫) উপজেলার দেয়াপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে এবং ভ্যানের যাত্রী আব্দুস সামাদ বিশ্বাস (৫০) একই গ্রামের আব্দুল মঈন বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভৈরব সেতুসংলগ্ন মশরহাটী গ্রামে যশোর-খুলনা মহাসড়কে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও একজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার রাতে কলেজছাত্র আব্দুল্লাহ আল আপন তার বন্ধু আল-আমিনকে (২৮) সঙ্গে নিয়ে মহাসড়কে ঘুরতে বের হন।
রাত ১০টার দিকে চেঙ্গুটিয়া এলাকার উড়োতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল আপন এবং আরোহী আল-আমিন আহত হন। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে খুলনা গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার (৪ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ আল আপনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘যশোর-খুলনা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় একজন কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল দুটি পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
