আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)।
বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১। পুলিশ সূত্রে জানা যায়, ফাঁড়ির নিজ কক্ষে দায়িত্ব পালনকালে নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন তিনি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নিহত জাহাঙ্গীর আলম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন হলে বিস্তারিত জানা যাবে।
