শ্রম অসন্তোষ ঘিরে তিন শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
সংগৃহীত ছবি
শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সৃষ্ট শ্রম অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক জনজীবন বজায় রাখা এবং শিল্পকারখানার কার্যক্রম সচল রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। মোতায়েন করা বিজিবির মধ্যে সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় পাঁচ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৩ প্লাটুন এবং নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় ছয় প্লাটুন রয়েছে।
গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। অন্যদিকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে নিয়মিত টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
বিজিবি জানিয়েছে, শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিল্পাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
