অল সোলস ডে: প্রয়াত আত্মাদের স্মরণ করলেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা
‘অল সোলস ডে’ বা প্রয়াত আত্মাদের স্মরণ দিবস পালন করেছেন দিনাজপুরের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। দিবসটি উপলক্ষে তারা জেলার বিভিন্ন সমাধিস্থলে গিয়ে সমাধি পরিষ্কার করেন, ফুল দেন এবং মোমবাতি জ্বালান।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় তারা সমাধিস্থলে গিয়ে সেখানে ফুল দেন এবং ধুপকাঠি ও মোমবাতি জ্বালান। এর আগে কয়েকদিন ধরে তারা সমাধি পরিষ্কার এবং মাটি দিয়ে কাদা বানিয়ে প্রলেপ দেন।
২ নভেম্বর ‘অল সোলস ডে’। খ্রিষ্টান ধর্মাবলম্বীরা প্রিয়জনের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে, ফুলের পাপড়ি ও পবিত্র পানি ছিটিয়ে দিবসটি পালন করেন। দিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও দিনাজপুরের গির্জাগুলোতে প্রার্থনা করেন শত শত মানুষ।
সন্ধ্যায় দিনাজপুর শহরের নিউটাউন মহাজনপাড়া সংলগ্ন খ্রিষ্টান সমাধিস্থলে গিয়ে দেখা যায়, সমাধির পাশে দাঁড়িয়ে তারা বিশেষ প্রার্থনা করছেন।
জানতে চাইলে বিশ্বনাথ লাকরা (৫৫) নামের একজন জানান, তার মা মিরা দেবী মারা গেছেন তিন বছর আগে। তাই তিনি মায়ের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন।
বিলিন কোড়াইয়া নামের আরেকজন বলেন, মৃত্যুর পরও প্রিয়জনের স্মৃতি বেঁচে থাকে হৃদয়ে। তাদের সঙ্গে কাটানো মুহূর্ত, ভালোবাসা ও জীবনের নানা গল্প স্মরণ করেই দিন কাটে স্বজনদের। সন্ধ্যায় সমাধিতে ফুলের পাপড়ি ছিটিয়ে এবং ধুপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে প্রিয়জনের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।
