শ্রমিক বিক্ষোভ, আশুলিয়ায় গাড়িতে আগুন
ছবি : সংগৃহীত
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে সোমবার (২ নভেম্বর) সকাল বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের একাধিকবার সংঘর্ষ হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ছাড়া বিক্ষোভের মধ্যে একটি কাভার্ড ভ্যানে আগুন দেন আন্দোলনকারীরা।
সোমবার আশুলিয়ার নিশ্চিন্তপু্রে আন্দোলন চলাকালে একটি কাভার্ড ভ্যানে আগুন দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
শিল্প পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যায়।
বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাঁধা সৃষ্টি করেন। এতে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল ব্যাহত হয়। এছাড়া সংঘর্ষের মধ্যে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
অন্যদিকে আশুলিয়ার আর্টিস্টিক ডিজাইন লিমিটেড নামের একটি কারখানায় হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থানের কারণে শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শারমিন গ্রুপের কারখানাও বন্ধ ঘোষণা করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নেমেছেন। পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, আশুলিয়ার আর্টিস্টিক ডিজাইন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে শ্রমিকেরা হামলা চালিয়েছেন। তারা প্রতিষ্ঠানটিতে ইটপাটকেল নিক্ষেপ করছেন। এদিকে বিক্ষোভের ঘটনায় আশুলিয়ার শারমিন গ্রুপ বন্ধ ঘোষণা করা হয়েছে।
