টেকনাফে ১০ হাজার কেজি সারসহ ৯ জন আটক, বোট জব্দ
কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়ার সময় ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ নয়জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রোববার (১ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় কোস্ট গার্ডের একটি জাহাজ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন।
তিনি আরও বলেন, বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার পাওয়া যায়। এ ঘটনায় বোটসহ নয়জনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জব্দ করা সার, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
