মেহেরপুর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
মেহেরপুর সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ কোটি ৩৫ লাখ টাকারও বেশি মূল্যের ৩২টি স্বর্ণের বার উদ্ধার করেছে । এ সময় দুই স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক ওজন ৩.৯৪১ কেজি।
রোববার (১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় ঐদিন দুপুরে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসানের কাছে গোপন তথ্য আসে, মেহেরপুর জেলার নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১০ থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালানের চেষ্টা হতে পারে।
গোপন তথ্যের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় নাজিরাকোনা বিওপির হাবিলদার মোঃ শামীমুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি চৌকস টহলদল ওই এলাকায় আগে থেকেই কৌশলগত অবস্থান নেয়।
দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে দুই ব্যক্তিকে একটি ব্যাগসহ সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবির টহলদল ধাওয়া করে ঘটনাস্থল থেকে তাদের আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে মোঃ আসাদুল (৫০) এবং একই গ্রামের মাদারের ছেলে মোঃ জুয়েল হোসেন (৩০)।
পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সম্মুখে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ৩.৯৪১ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
আটক দুই ব্যক্তিকে মুজিবনগর থানায় এবং উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অপরাধ দমনে তারা সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
