ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াত প্রার্থীর যত অভিযোগ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাল ভোট, নির্বাচনি কর্মকর্তাদের পরিচয়পত্রে গরমিল, আগে থেকে ব্যালটে সিল এবং কেন্দ্র দখলের মতো একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি তার পর্যবেক্ষণের বিস্তারিত তুলে ধরেন।
জামায়াত প্রার্থীর প্রধান অভিযোগগুলোর মধ্যে রয়েছে—
১. ভোট চলাকালে জাল ভোট দিতে গিয়ে বিএনপির পাঁচ থেকে ছয়জন কর্মী হাতেনাতে ধরা পড়েছেন। এ ছাড়া বড় খোচাবাড়ী হাটসহ একাধিক কেন্দ্রে ধানের শীষের প্রতীক সংবলিত গেঞ্জি পরে বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে বুথের ভেতরে ঢুকে ভোটদানে প্রভাব বিস্তার করেছেন। বিষয়টি নিয়ে অভিযোগ করার পর তাদের কিছু সময় আটক রাখা হলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়, যা প্রশাসনের স্পষ্ট পক্ষপাতিত্ব বলে দাবি করেন তিনি।
২. কেন্দ্রগুলোতে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের অনেকের কাছেই কোনো আইডি কার্ড ছিল না। অনেকের পরিচয়পত্রে ছবি ছিল না। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের প্রকৃত কর্মকর্তাদের বদলে দলীয় লোকজনকে এসব দায়িত্বে বসানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার।
৩. অভিযোগ করা হয়, বেশ কিছু কেন্দ্রে ২০ থেকে ২৫টি করে ব্যালট পেপারে আগেই সিল মেরে রাখা হয়েছে। ভোটারদের দুই থেকে চারটি করে ব্যালট সরবরাহ করে জালিয়াতিতে সহায়তা করা হচ্ছে। পৌর এলাকার বুলবুল সেন্টারে সকালে প্রকাশ্যে টেবিলের ওপর ব্যালট ছিনতাই করে সিল মারার ঘটনা ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন।
৪. এ ছাড়া ডাব প্রতীকের প্রার্থীর এজেন্টের ওপর বিএনপি নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি। রাজাগাঁও এলাকায় ছোট শিশুদের লাইনে দাঁড় করিয়ে ভোট দেওয়ানো হয়েছে বলেও অভিযোগ তোলেন জামায়াত প্রার্থী।
