ভারতীয় বাঘের আক্রমণে আহত ৩ বাংলাদেশি, ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি বাঘ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী আমঝোল এলাকায় বাঘের হামলায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বাঘটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বাঘের আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের সীমান্তবর্তী আমঝোল এলাকার একটি ধানখেতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন শরিফা বেগম, আফসার হোসেন ও নজরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের ধানখেতে ছাগল খুঁজতে গিয়ে বাঘের হামলার শিকার হন শরিফা বেগম। তাঁর চিৎকার শুনে তাঁকে বাঁচাতে এগিয়ে এলে আরও দুজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টার দিকে ভারতের অভ্যন্তর থেকে আমঝোল সীমান্ত দিয়ে বাঘটি বাংলাদেশে প্রবেশ করে। বাঘটিকে শনাক্ত ও নিরাপদে উদ্ধারে কাজ করছেন সংশ্লিষ্ট দলের সদস্যরা। এ কাজে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সদস্যরাও যুক্ত হয়েছেন। ঘটনার রাতে ড্রোনের সাহায্যে বাঘটিকে শনাক্ত করা হয় বলে জানা গেছে।
তবে বাঘটিকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত বাঘটিকে নিরাপদে উদ্ধার করে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
লালমনিরহাট জেলা সামাজিক বনায়ন, নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, প্রাথমিকভাবে প্রাণীটিকে চিতাবাঘ বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।
