লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক আবাসিক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকার এহ্ইয়াউল উলুম হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম মাওলানা ইব্রাহিম।
একই ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষকের ছেলে মোহাম্মদ নামে আরও একজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাকে এখনও আটক করা যায়নি।
পুলিশ জানায়, শনিবার ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
ভুক্তভোগীর মা জানান, ছেলেকে কোরআনের হাফেজ বানানোর উদ্দেশ্যে তিনি ওই মাদ্রাসার আবাসিক বিভাগে ভর্তি করেছিলেন। ইতোমধ্যে তার ছেলে চার পারা হিফজ সম্পন্ন করেছে। সম্প্রতি ছেলে বাড়িতে এসে দুই ব্যক্তির দ্বারা নিপীড়নের কথা জানায়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, ‘ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মাওলানা ইব্রাহিমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
